আজ ভোরে নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর আলী। পৃথিবীতে ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচটি জয় করলেন তিনি।
বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (৮,৪৮৫ মিটার) আরোহণ করেন বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমালে অবস্থিত এই পর্বতে এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম সফল আরোহণ।
বাবর আলী বাংলাদেশের প্রথম পর্বতারোহী যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেছেন। তিনি গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে আরোহণ করেন অন্নপূর্ণা-১ এবং একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই জয় করেন মানাসলু।


































































































































































































