যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দাফনের প্রস্তুতি শেষ হয়েছে। আজ শনিবার বাদ আসর জানাজা শেষে দাদা–দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
আজ সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে নাহিদার মরদেহবাহী কফিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন তাঁর মা–বাবা, মামাসহ পরিবারের সদস্যরা।
নাহিদার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তাঁর বাবা জহির উদ্দিন আকন দুই যুগের বেশি সময় ধরে রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বসবাস করছেন। তিনি ঢাকার একটি বেসরকারি জীবনবিমা প্রতিষ্ঠানে কর্মরত। এক ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিদা ছিলেন ছোট। তিনি ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।


































































































































































































