জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৮২তম অধিবেশন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) শেষ হয়েছে। অধিবেশনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে টেকসই বায়োইকোনমি বা জৈব অর্থনীতিবিষয়ক একটি যুগান্তকারী রেজোল্যুশন গ্রহণে নেতৃত্ব দেয় বাংলাদেশ।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অর্জন আঞ্চলিক উন্নয়ন এজেন্ডা নির্ধারণে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাপোর্টিং দ্য ট্রানজিশন টুওয়ার্ডস এ সাসটেইনেবল বায়োইকোনমি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক রেজোল্যুশনটি বাংলাদেশের উদ্যোগে উত্থাপিত হয় এবং সদস্যরাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়, যা এ অঞ্চলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।


































































































































































































