ভারতের কেরলের পালক্কাদ জেলায় মাটির নিচে মাশরুমসদৃশ অদ্ভুত কাঠামোর সন্ধান পাওয়া গেছে। জেলার কারাকুরুসি গ্রামে চাষাবাদের জন্য মাটি খোঁড়ার সময় এক কৃষক মাটির নিচে মাশরুমসদৃশ অস্বাভাবিক কাঠামোগুলো খুঁজে পান। প্রাথমিকভাবে এগুলোকে খুব সাধারণ মনে হলেও, গবেষকেরা এগুলোকে স্ক্লেরোটিয়াম স্টিপিট্যাটাম নামের বিরল ভূগর্ভস্থ ছত্রাক হিসেবে চিহ্নিত করেছেন।
স্থানীয় ভাষায় এটি নিলামাঙা বা আর্থ ম্যাঙ্গো নামে পরিচিত। আর্থ ম্যাঙ্গো নামটি শুনলে মনে হতে পারে মাটির নিচে লুকিয়ে থাকা কোনো হারানো ফল। কিন্তু বাস্তবে এটি একটি বিরল ছত্রাক যা মাটির পৃষ্ঠের নিচে গোপনে বৃদ্ধি পায়, বিশেষ করে উঁইপোকার ঢিবি বা উঁইপোকা সমৃদ্ধ এলাকায়।
গবেষকদের মতে, ভারতে ভূগর্ভস্থ ছত্রাক নিয়ে খুব কম গবেষণা হওয়ায় এ ধরনের আবিষ্কার এখন বেশ বিরল হয়ে দাঁড়িয়েছে।


































































































































































































