ইরানের চাবাহার বন্দরকে ঘিরে ভারতের দীর্ঘদিনের কৌশলগত ও অর্থনৈতিক পরিকল্পনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতের আঞ্চলিক সংযোগ প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী উদ্যোগ হিসেবে বিবেচিত চাবাহার বন্দর এখন কার্যত স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক করিডর গড়ে তোলার ক্ষেত্রে এই বন্দর ছিল ভারতের অন্যতম প্রধান ভরসা। ইরানের দক্ষিণ-পূর্ব উপকূলে ওমান উপসাগরের তীরে অবস্থিত চাবাহার বন্দরে রয়েছে দুটি টার্মিনাল শহীদ কালানতরি ও শহীদ বেহেশতি। এর মধ্যে শহীদ বেহেশতি টার্মিনালে ভারত প্রায় ১২ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং অবকাঠামো উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছে।
ভৌগোলিক অবস্থানের কারণে এই বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার কারণে স্থলপথে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছানো ভারতের জন্য প্রায় অসম্ভব। এই অবস্থায় চাবাহার বন্দর ব্যবহার করে সমুদ্রপথে ইরানে পৌঁছে সেখান থেকে সড়ক ও রেলপথে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পণ্য পরিবহন সম্ভব হয়।


































































































































































































