ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন কর্মকর্তা

ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন কর্মকর্তা

লাদাখের লেহ অঞ্চলের দুর্গম তাংস্তে এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিন সেনা কর্মকর্তা। দুর্ঘটনাটি ঘটে গত ২০ মে। আজ সকালে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং ৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সচিন মেহতা। লেফটেন্যান্ট কর্নেল ও মেজর হেলিকপ্টারটি চালাচ্ছিলেন, আর মেজর জেনারেল সচিন মেহতা ছিলেন যাত্রী হিসেবে। দুর্ঘটনায় তিনজনই আহত হন। তবে পাহাড়ি দুর্গম পরিবেশ এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাদের প্রাণে বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

দুর্ঘটনার পর মেজর জেনারেল সচিন মেহতার তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে পাথরের ওপর বসে রয়েছেন তিন কর্মকর্তা। গুরুতর ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির পাশেই তারা শান্তভাবে ছবি তুলেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুরোনো ‘চিতা’ হেলিকপ্টার নিয়ে নতুন করে উদ্বেগ সর্বশেষ এই দুর্ঘটনার পর আবারো প্রশ্ন উঠেছে ভারতীয় সেনাবাহিনীর পুরোনো চিতা হেলিকপ্টার বহরের নিরাপত্তা নিয়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।