রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৬: ০৬ প্যারিসভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচক প্রকাশ করে আরএসএফ। এতে ১৮০টি দেশে সাংবাদিক এবং গণমাধ্যমগুলো কতটা স্বাধীনতা ভোগ করছে তা তুলে ধরা হয়। পাঁচ-স্তরবিশিষ্ট এই সূচকে ‘খুব গুরুতর’ থেকে ‘ভালো’ পর্যন্ত বিভিন্ন মানদণ্ডে দেশগুলোর সংবাদপত্রের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করা হয়।
আরএসএফ জানিয়েছে, ২০০২ সালে সূচক তৈরি শুরু করার পর থেকে এই প্রথম বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে ‘কঠিন’ বা ‘অত্যন্ত গুরুতর’ পরিস্থিতির মধ্যে পড়েছে। মাত্র সাতটি দেশ ‘ভাল’ সংবাদপত্রের স্বাধীনতার তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে নরওয়ে, নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া শীর্ষ তিনে রয়েছে।


































































































































































































