২০২৫ সালে বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৯০ হাজার কোটি ডলার। টানা একাদশ বছরের মতো এই ব্যয় বাড়ল। আজ সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিরাপত্তা ও নতুন করে সামরিক শক্তি গড়ে তোলার প্রতিযোগিতাই রেকর্ড মাত্রায় সামরিক ব্যয় বেড়ে যাওয়ার মূল কারণ বলে জানিয়েছেন গবেষকেরা।
সামরিক ব্যয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। গত বছর এ খাতে দেশগুলোর সম্মিলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার কোটি ডলার, যা বৈশ্বিক সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি।
বিশ্বজুড়ে সামরিক ব্যয় আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে কিছুটা ব্যতিক্রম যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় সামরিক খাতে ব্যয়কারী দেশটি ওই বছর ব্যয় কিছুটা কমিয়েছে।


































































































































































































