চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও চীন (হংকং) ভিত্তিক যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান সানশাইন আউটডোর (বিডি) কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি এখানে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৪ কোটি ৫০ লাখ বা প্রায় পৌনে ২০০ কোটি টাকার সমান। এখানে কর্মসংস্থান হবে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিকের।
বেপজা জানায়, নতুন এই কারখানায় বছরে প্রায় ১৫ লাখ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হবে। এর মধ্যে রয়েছে তাঁবু ও ক্যানোপি (অস্থায়ী পোর্টেবল ছাউনি); ওয়াটারপ্রুফ ডাফেল ব্যাগ ও স্লিপিং ব্যাগ; ভাঁজ করা যায় এমন বালিশ, তোশক ও এয়ার পিলো; মশারি, কার্পেট ও মাদুর; ভাঁজ করা যায় এমন চেয়ার ও বিভিন্ন ধরনের ঝুড়ি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি বাংলাদেশকে, বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের জন্য বেছে নেওয়ায় সানশাইন আউটডোরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই বিনিয়োগ আমাদের রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যকে আরও গতিশীল করবে।’


































































































































































































