আগামী জুলাইয়ের পর উরুগুয়ের কোচ পদে আর নাও থাকতে পারেন মার্সেলো বিয়েলসা। আর্জেন্টিনার কিংবদন্তি এই কোচ গতকাল স্থানীয় সময় রাতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আয়োজিত সেমিনারে নিজেই এ কথা জানান।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই। অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার পর উরুগুয়ের কোচ পদ ছেড়ে দিতে পারেন বিয়েলসা। ৭০ বছর বয়সী বিয়েলসা সেমিনারে বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে আমাদের কাজ ফুরোবে।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিয়েলসা তাঁর এই মন্তব্যের বিশদ ব্যাখ্যা দেননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বকাপের পর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে কোচের দায়িত্ব ছাড়বেন ‘এল লোকো’ (পাগল) নামে খ্যাত বিয়েলসা।


































































































































































































