পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চালু করা বুলডোজার সংস্কৃতি ও হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষেব করেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে নির্বাচন–পরবর্তী রাজনৈতিক সহিংসতা বন্ধেরও দাবি জানিয়েছে দলটি। নির্বাচনের ফল ঘোষণার ১৬ দিন পর বুধবার কলকাতার বিধানসভা ভবন চত্বরে এই বিক্ষেব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তৃণমূলের ৩৬ জন বিধায়ক। বিক্ষেব সমাবেশে নেতৃত্ব নেন তৃণমূল কংগ্রেসের বিধানসভা দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির সন্ত্রাসে মানুষ দিশাহারা। ঘরবাড়ি ছেড়ে গেছে অনেকে। তৃণমূলের দাবি, বিজেপির নির্বাচন–উত্তর সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে।
বিক্ষেব সমাবেশে অংশ নেওয়া তৃণমূলের বিধায়কদের মধ্যে ছিলেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। তাঁরা অভিযোগ করেন, মিথ্যা মামলা দিয়ে তৃণমূলের নির্বাচিত বিধায়কদের হেনস্তা করা হচ্ছে।


































































































































































































