কানসাস সিটি, হিউস্টন, মিয়ামি কিংবা নিউইয়র্কের রাস্তায় হাঁটলেই বোঝা যায় বিশ্বকাপ আসছে। চারদিকে বিলবোর্ড, বারগুলোর বাইরে নানা সাইনবোর্ড আর দোকানগুলোতে বিক্রি হচ্ছে বিশ্বকাপ-থিমের নানা পণ্য। তবে হোটেলমালিকেরা যখন নিজেদের বুকিং সফটওয়্যার দেখছেন, তখনই সেই উচ্ছ্বাস উধাও। তার কারণ বিশ্বকাপ চলাকালে হোটেলের বুকিং এখনো প্রত্যাশা অনুযায়ী হয়নি।
যুক্তরাষ্ট্রের হোটেল খাত-সংশ্লিষ্ট সংগঠনগুলোর বলছে, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর বেশির ভাগ হোটেলের বুকিং এখন পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় কম। বিবিসির সঙ্গে কথা বলা একাধিক হোটেলমালিক ও ব্যবস্থাপক একই ধরনের চিত্রই তুলে ধরেছেন।
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। টেক্সাসের হিউস্টনে অবস্থিত ওয়ান্ডারস্টে বুটিক হোটেলের মালিক ডেইড্রে ম্যাথিস বলেন, বিশ্বকাপ ঘিরে তাঁরা বড় ব্যবসার আশা করেছিলেন। অনেক দিন ধরেই এই আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এসেও হোটেলের কক্ষ ফাঁকা পড়ে আছে।


































































































































































































