কিছু দেশ ঔপনিবেশিক আমলের মানসিকতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তবে বিশ্ব আবারও 'জঙ্গলের আইনে' ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বুধবার বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় এ কথা বলেন। কোন দেশের উদ্দেশে এ কথা বলা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে একই ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'গোল্ডেন ডোম' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরির পরিকল্পনার সমালোচনা করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে বেইজিংয়ে পৌঁছান পুতিন। গতকাল চীনের রাজধানী বেইজিংয়ের বিখ্যাত 'গ্রেট হলে' সি ও পুতিনের বৈঠক হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন।
এমন এক সময়ে পুতিন চীন সফর করেন, যার মাত্র ছয় দিন আগে গত শুক্রবার চীন সফর শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট ট্রাম্প। সফরে বেইজিংয়ের সেই একই হলে ট্রাম্প ও সি দুই ঘণ্টার বেশি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন।


































































































































































































