বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সতর্ক করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং দেশটিতে বাড়তে থাকা ‘স্বৈরতান্ত্রিক প্রবণতা ও সহিংসতা’র কারণ দেখিয়ে এই বিশেষ ‘ভ্রমণ সতর্কতা’ (ট্রাভেল অ্যাডভাইজরি) জারি করা হয়েছে।
বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও যুক্তরাষ্ট্রের কয়েক ডজন মানবাধিকার সংগঠন যৌথভাবে এই সতর্কবার্তা দেয়। তাদের মতে, যুক্তরাষ্ট্রে মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। ফিফা কিংবা আয়োজক শহরগুলোর পক্ষ থেকে দর্শকদের নিরাপত্তার বিষয়ে কোনো অর্থবহ পদক্ষেপ বা সুনির্দিষ্ট নিশ্চয়তা না পেয়েই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
সতর্কবার্তায় যা বলা হয়েছেমানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, বিশ্বকাপে খেলা দেখতে আসা দর্শক যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় অযৌক্তিক বাধার মুখে পড়তে পারেন। এমনকি তাঁদের ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্যের তল্লাশি চালানো হতে পারে। এ ছাড়া ‘অমানবিক’ পরিস্থিতিতে আটকে রাখার মতো ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।


































































































































































































