যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। আগামী শনিবার তাঁর মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। ওই দিন বিকেলে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হবে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার জানানো হয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে।
মরদেহ দেশে পাঠানোর আগে আজ বুধবার স্থানীয় সময় বেলা দুইটায় যুক্তরাষ্ট্রের টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ বাংলাদেশে পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করছে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।


































































































































































































