১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এক জোড়া ধার করা জুতা পরে বিশ্বকাপের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েন। সেই রেকর্ড গড়ার সময় তাঁর পায়ে ছিল অন্যের জুতা। ধারের জুতায় খেলে কিংবদন্তি হয়ে ওঠা এই ফুটবলারের নাম জাস্ট ফন্টেইন।
বাবা ফরাসি, মা স্প্যানিশ। আর ফন্টেইনের জন্ম মরক্কোর মারাকেশে। ২০ বছর বয়সে ১৯৫৩ সালে থিতু হন বাবার দেশে। ’৫৮–এর বিশ্বকাপ শুরুর আগের মৌসুমে ফন্টেইন ছিলেন দুর্দান্ত ছন্দে। তাঁর দল রেইমস জেতে ফরাসি লিগ আর ফরাসি কাপ। ৩৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা ফন্টেইনই।
পুরস্কার কোথায়? এত বড় কীর্তির পরও ফন্টেইনের হাতে ওঠেনি কোনো গোল্ডেন বুট। এক বিশ্বকাপে ১৩ গোলের ওজন কত বেশি, সেটি তখনো ঠিকঠাক টেরই পাননি তিনি।


































































































































































































