১৯৭৮ সালের ২২ এপ্রিল, সংগীতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো এদিন মঞ্চে ফেরেন বব মার্লে। ১৯৭৬ সালের ৩ ডিসেম্বর নিজ বাড়িতে হামলায় বুক ও হাতে গুলিবিদ্ধ হওয়ার পর যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন। প্রায় দুই বছর পর কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ওয়ান লাভ পিস কনসার্ট’-এ তাঁর এই প্রত্যাবর্তন হয়ে ওঠে ঐতিহাসিক।
‘থার্ড ওয়ার্ল্ড উডস্টক’ নামে পরিচিত এই আয়োজনের লক্ষ্য ছিল রাজনৈতিক সহিংসতায় বিভক্ত জ্যামাইকায় ঐক্য ফিরিয়ে আনা। সেখানে দেশটির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাইকেল ম্যানলি ও এডওয়ার্ড সিগাকে মঞ্চে এনে হাত মেলাতে রাজি করান মার্লে, যা সংগীতের ইতিহাসে এক অনন্য মুহূর্ত।
সত্তরের দশকের মাঝামাঝি সময়ে জ্যামাইকা তীব্র রাজনৈতিক সহিংসতায় জর্জরিত ছিল। পিপলস ন্যাশনাল পার্টি (পিএনপি) ও জ্যামাইকা লেবার পার্টির (জেএলপি) দ্বন্দ্বে রাজধানী কিংস্টনসহ বিভিন্ন এলাকায় গ্যাং সহিংসতা ছড়িয়ে পড়ে।


































































































































































































