মার্কিন পপসংগীতের অন্যতম আলোচিত তারকা ব্রিটনি স্পিয়ার্স আবারও আইনি জটিলতায় পড়েছেন। ক্যালিফোর্নিয়ায় তাঁর বিরুদ্ধে মাদক ও অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে—যা নতুন করে তাঁকে শিরোনামে এনে দিয়েছে। কী অভিযোগ আনা হয়েছে? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রসিকিউটরদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৪ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে একটি মিসডিমিনর (অল্প গুরুতর অপরাধ) অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে অভিযোগপত্রে নির্দিষ্ট করে বলা হয়নি—কোন ধরনের মাদক বা কত পরিমাণ অ্যালকোহল তাঁর শরীরে ছিল।
কীভাবে ঘটেছিল ঘটনাটি? গত ৪ মার্চ, নিজের বাড়ির কাছাকাছি ক্যালিফোর্নিয়ার ইউএস ১০১ মহাসড়কে দ্রুত ও অস্বাভাবিকভাবে গাড়ি চালানোর সময় পুলিশ তাঁকে থামায়। তিনি একটি কালো বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল জানায়, তাকে দেখে মনে হচ্ছিল তিনি স্বাভাবিক অবস্থায় নেই। এরপর মাঠপর্যায়ের বিভিন্ন ‘সোব্রাইটি টেস্ট’ নেওয়া হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিনে মুক্তি পান তিনি।


































































































































































































