চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) বিএনপির সঙ্গে নানাভাবে সহযোগিতা জোরদার করতে আগ্রহী বলে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝ্যাং জানিয়েছেন। আজ মঙ্গলবার বেইজিংয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে তিনি এই আগ্রহের কথা তুলে ধরেছেন। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
বৈঠকে চীনের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। হান ঝ্যাং বলেন, পারস্পরিক বোঝাপড়া ও গভীর সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী চীন ও বাংলাদেশ। দুই দেশের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করা, অঞ্চল ও পথের উদ্যোগসহ (বিআরআই) বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে প্রস্তুত আছে চীন।


































































































































































































