চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার একটি পোশাক কারখানা থেকে জব্দ করা পার্বত্য সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের জন্য তৈরি করা ২০ হাজার ৩০০টি পোশাক বুধবার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের মনছুরাবাদ পুলিশ লাইনসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের নির্দেশে এই পোশাকগুলো পোড়ানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।
গত বছরের ১৭ মে রাত দুইটা থেকে পরদিন ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ বায়েজিদ থানাধীন মোজাফ্ফরনগর ও নেয়ারহাট এলাকায় 'রিংভো অ্যাপারেলস' নামের একটি কারখানার গুদাম থেকে এই পোশাকগুলো জব্দ করে। মোট ৫৮০ বস্তায় মজুত রাখা পোশাকগুলোর মধ্যে মোজাফ্ফরনগরের গুদাম থেকে ৩২০ বস্তা এবং নেয়ারহাটের কারখানা থেকে ২৬০ বস্তা উদ্ধার করা হয়।
মামলার এজাহারে পুলিশ জানায়, গত মার্চ মাসে মংহলাসিন মারমা এবং কেএনএফের সদস্যদের কাছ থেকে দুই কোটি টাকার বিনিময়ে এই পোশাক তৈরির ক্রয়াদেশ নেওয়া হয়েছিল।


































































































































































































