প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৪: ০১আপডেট : ২৭ মে ২০২৬, ১৪: ০৮ পৃথিবীর সবচেয়ে নিচু স্থান ডেড সি বা ‘মৃত সাগর’ দ্রুত শুকিয়ে যাচ্ছে। তবে পরিবেশগত বড় ধরনের বিপর্যয় নেমে আসা অনন্য এই প্রাকৃতিক জলাশয় কীভাবে রক্ষা করা যাবে, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কোনো ঐক্যমত হচ্ছে না।
ইসরাইল, জর্ডান ও ফিলিস্তিন ভূখণ্ডের সংযোগস্থলে অবস্থিত এই সাগরের উপরিভাগের আয়তন গত পাঁচ দশকে প্রায় এক-তৃতীয়াংশ সংকুচিত হয়েছে। উষ্ণ আবহাওয়া, জলবায়ু পরিবর্তন এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ডেড সি প্রতি বছর প্রায় ৪ ফুট (কোনো কোনো হিসাবে ৩ ফুট) করে পিছিয়ে যাচ্ছে।
পানি কমে যাওয়ার কারণে উপকূলজুড়ে হাজার হাজার বিপজ্জনক ‘সিঙ্কহোল’ বা ভূগর্ভস্থ গহ্বর তৈরি হচ্ছে। পানি কমে যাওয়ায় স্বাদু পানি মাটির নিচে প্রবেশ করে প্রাচীন লবণের স্তর গলিয়ে দিচ্ছে। ফলে মাটি ধসে আকস্মিকভাবে এসব বিপজ্জনক গহ্বর তৈরি হচ্ছে।


































































































































































































