ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে একটি দোকানে পা তুলে বসাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তাদের তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম অভয় কুমার সিংহ। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রদলের পদ থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন, জগন্নাথ হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চন্দন দাস, ঝলক দাস ও রিপন চন্দ্র সরকার। মারধরের ঘটনায় সাগর নামের একজন যুক্ত ছিলেন বলে উল্লেখ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ঘটনার বর্ণনা দিয়ে অভয় কুমার সিংহ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত রোববার সন্ধ্যায় রবীন্দ্র ভবনের নিচে একটি চায়ের দোকানে তিনি পা তুলে বসে ছিলেন। পায়ের সমস্যার কারণে তিনি এমনটি করেছিলেন। তখন চন্দন ও ঝলক এসে তাঁকে পা নামাতে বলেন এবং দুর্ব্যবহার করেন। পরে তিনি রুমে ফিরে গেলে অভিযুক্ত চারজন সেখানে গিয়ে তাঁকে শারীরিক নির্যাতন ও থাপ্পড় মারেন। এমনকি তাঁকে এলাকাছাড়া করারও হুমকি দেওয়া হয়।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চন্দন দাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘দোকানে কথা-কাটাকাটি হয়েছিল। পরে আমরা বিষয়টি মীমাংসা করতে অভয়ের রুমে গিয়েছিলাম। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক সুবিধা পেতে তিনি এমন স্টেটমেন্ট দিয়েছেন।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।