সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তা ছাড়া তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে।
আমিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, ‘সব কটি ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে।’


































































































































































































