বিশ্বসংগীতের অন্যতম বড় নাম ডুয়া লিপা আবারও শিরোনামে। তবে এবার নতুন গান, কনসার্ট বা ফ্যাশন নয়, আইনি লড়াইয়ের কারণে আলোচনায় এসেছেন ব্রিটিশ-আলবেনীয় এই পপ তারকা। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা (বাংলাদেশি মুদ্রায় ১৮৩ কোটা ৫৬ লাখ টাকা) করেছেন তিনি। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসং তাদের টিভির কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল। অথচ এই ব্যবহারের বিষয়ে শিল্পীকে আগে থেকে কিছু জানানো হয়নি, এমনকি তাঁর কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।
মামলার নথিতে দাবি করা হয়েছে, ডুয়া লিপার জনপ্রিয়তা ও বৈশ্বিক ব্র্যান্ডমূল্যকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার বাড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। তাঁর আইনজীবীদের ভাষ্য, ‘ডুয়া লিপার মুখ ব্যবহার করে একটি ভোক্তা পণ্যের বিশাল প্রচারণা চালানো হয়েছে, অথচ এতে তাঁর কোনো সম্মতি, নিয়ন্ত্রণ বা মতামত ছিল না।’


































































































































































































