দুই খেলোয়াড় যারা বিশ্বযুদ্ধের আগেও ছিলেন, বিশ্বযুদ্ধের পরেও

দুই খেলোয়াড় যারা বিশ্বযুদ্ধের আগেও ছিলেন, বিশ্বযুদ্ধের পরেও

পরপর দুটি বিশ্বকাপ খেলা এখন আর বড় কোনো কীর্তি নয়। এই তো এবার উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে যদি থাকেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, দুজনেরই ৬ নম্বর বিশ্বকাপ হবে এটা। তবে পরপর মাত্র দুটি বিশ্বকাপ খেলেও দুজন খেলোয়াড় আলাদা জায়গা নিয়ে আছেন বিশ্বকাপের ইতিহাসে। একজনের নাম এরিক নিলসন, অন্যজন ফ্রেডি বিকেল। কেন তাঁরা আলাদা? কারণ, পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে—উভয় বিশ্বকাপেই মাঠে নেমেছিলেন এই দুই ফুটবলার। ইতিহাসের পাতায় তাঁরা দুজন ছাড়া এই অনন্য কীর্তি নেই আর কারও।

১৯৩৮ সালে যখন ইউরোপের আকাশে যুদ্ধের কালো মেঘ জমছে, তখন ফ্রান্সে বসেছিল বিশ্বকাপের আসর। তরুণ এরিক নিলসন সুইডেনের হয়ে আর ফ্রেডি বিকেল সুইজারল্যান্ডের জার্সিতে সেই টুর্নামেন্টে আলো ছড়িয়েছিলেন। এরপর নেমে এল দীর্ঘ ১২ বছরের নিকষ অন্ধকার। বিশ্বযুদ্ধের ডামাডোলে থমকে গেল বলের গড়াগড়ি। কিন্তু ১৯৫০ সালে যখন ব্রাজিলের মারাকানায় ফের ফুটবলের বাঁশি বাজল, তখনো দেখা গেল সেই চেনা দুই মুখকে। এবার তাঁরা শুধু খেলোয়াড় নন, নিজ নিজ দেশের অধিনায়কও।

দুজন ছিলেন দুই পজিশনের খেলোয়াড়। নিলসন লেফট-ব্যাকে, বিকেল ফরোয়ার্ডে। ১৯৩৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষেই অভিষেক হয়েছিল নিলসনের। তৃতীয় স্থান নির্ধারণী সেই ম্যাচে সুইডেন হেরেছিল ঠিকই, কিন্তু নিলসন জানান দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।