ইউরোপীয় ইউনিয়নের দেওয়া কোটি কোটি ইউরো কৃষি ভর্তুকির সুবিধা নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার। এই ভর্তুকির অর্থে ইউরোপের মাটিতে উৎপাদিত ফসল চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' ও 'ডিসমগ'-এর এক যৌথ অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।
অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোমানিয়া, ইতালি ও স্পেনে নিজেদের খামারের জন্য গত ছয় বছরে ৭ কোটি ১০ লাখ ইউরোর বেশি ভর্তুকি নিয়েছে আল–নাহিয়ান পরিবার। আল–নাহিয়ান পরিবার বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ ৩২ হাজার কোটি ডলারের বেশি। এ অর্থ দেশটির তেলের খনি থেকে আসে।


































































































































































































