ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিলা। গোল করেন ইউরি তিলেমানস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স।
ভিলার জন্য মৌসুমের শেষটা হয়ে থাকল স্মরণীয়। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে ক্লাবটি। অথচ মৌসুমের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি সেই সময়ে মাত্র দুটি গোল করেছিল ভিলা।
এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে কোনো ফাইনাল না হারার রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলে সব কটি জিতেছেন মার্তিনেজ—যেখানে আছে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা।


































































































































































































