ইউরোপিয়ান ফুটবলে চলতি মৌসুমে দেখা যাচ্ছে ইংলিশ ক্লাবগুলোর দাপট। প্রথমবারের মতো এক মৌসুমে তিনটি আলাদা ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে তিন ইংলিশ ক্লাব। গত মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। আর গতকাল রাতে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা ও কনফারেন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেস।
ইউরোপা লিগের ফাইনালে অবশ্য ইংলিশ ক্লাবের উপস্থিতি আগেই নিশ্চিত হয়েছিল। সেমিফাইনালেই যে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট। ফলে যেকোনো এক দলের ফাইনালে যাওয়া নিশ্চিতই ছিল।
তবে দুই ইংলিশ প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকেও বাজিমাত করেছে অ্যাস্টন ভিলা। ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নটিংহাম ফরেস্টকে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলা হারিয়েছে ৪-০ গোলে। অর্থাৎ দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলা জিতেছে ৪-১ গোলে।


































































































































































































