ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারাচ্ছে। উত্তরাঞ্চলে কৃষি, সেচ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ বিপর্যয় ঠেকাতে সরকারের পক্ষ থেকে একতরফা নীতি বাদ দিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া জরুরি।
আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন নাগরিক সমাজের নেতারা। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে ন্যায্য পানির হিস্যা ও সম্মানজনক সহাবস্থানের দাবিতে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা।


































































































































































































