২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে সমালোচনা তো আর কম হচ্ছে না। ফুটবলপ্রেমীদের ক্ষোভ আর সমালোচনার মুখে অবশেষে নড়েচড়ে বসেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের টিকিট বিক্রির কৌশল তারা নতুন করে পর্যালোচনা করবে।
ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম বলেন, টিকিটের দামে বেশ বৈচিত্র্য আছে—কিছু টিকিট সস্তা, আবার কিছু বেশ দামি। তিনি আরও বলেন, আমরা মানুষের কথা শুনি এবং তাদের মন্তব্যগুলো বিবেচনায় নিই।
টিকিটের দাম কতটা ভয়াবহ হতে পারে, তার একটি উদাহরণ পাওয়া গেছে ফিফার নিজস্ব টিকিট বিক্রি প্ল্যাটফর্মে। সেখানে ১৯ জুলাইয়ের মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের চারটি টিকিটের প্রতিটির দাম দেখা গেছে ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা)।


































































































































































































