ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন ক্রীড়া আদালতে আপিল করেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে গড়ে ওঠা ইসরায়েলি ক্লাবগুলোর বিষয়ে ফিফার অবস্থান অন্যায়। এসব ক্লাব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গঠিত হলেও তারা ইসরায়েলি লিগে নিয়মিত অংশ নিচ্ছে—এমন অভিযোগ তুলে বহু বছর ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল পিএফএ।
গত মাসে ফিফা জানায়, পশ্চিম তীরের আইনি অবস্থান এখনও আন্তর্জাতিকভাবে অমীমাংসিত থাকায় এ বিষয়ে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ ফিলিস্তিন।
ফিলিস্তিনি ফুটবলের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেছেন পিএফএর সহ-সভাপতি সুসান শালাবি। তার ভাষ্য অনুযায়ী, বিশেষ করে গাজা অঞ্চলে ফুটবল অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে বা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পেশাদার লিগ কার্যত বন্ধ, আর খেলোয়াড়দের নিরাপত্তাও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শালাবি বলেন, *‘আমরা শতশত ফুটবলারকে হারিয়েছি, যাদের বেশিরভাগই শিশু। গাজায় এখন ফুটবল বলে কিছু নেই। আমাদের দলগুলোর জন্য প্রতিযোগিতা করাও খুবই বিপজ্জনক।’*


































































































































































































