প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০: ৩৭ ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাজ্যে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হওয়া এক ম্যাচ অফিশিয়ালকে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়, ইউরোপের একটি প্রতিযোগিতায় দায়িত্ব পালনের সময় যুক্তরাজ্যে একটি হোটেলে অবস্থান করছিলেন ওই রেফারি। সেখানেই এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে তাকে আটক করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পরে ৩০ বছর বয়সী ওই ব্যক্তি জামিনে মুক্তি পেলেও তদন্ত এখনও চলমান রয়েছে।
ঘটনা সামনে আসার পর দ্রুত প্রতিক্রিয়া জানায় ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অফিশিয়ালকে ফিফার কোনো প্রতিযোগিতায় রাখা হবে না। একই অবস্থান নিয়েছে উয়েফাও—তাদের অধীনস্থ ম্যাচগুলোতেও তাকে আর দায়িত্ব দেওয়া হবে না।


































































































































































































