ফিফা কংগ্রেসের সমাপনী দিনে এক নজিরবিহীন উত্তেজনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বারবার অনুরোধ সত্ত্বেও ইসরায়েলি ফুটবল কর্মকর্তা বাসিম শেখ সুলেমানের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলতে এবং হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিব্রিল রাজুব।
বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কংগ্রেসের মঞ্চে রাজুব ও সুলেমান দুজনই ফিফা প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর ফিফা প্রধান ইনফান্তিনো দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা দিতে তাঁদের দুজনকে নিজের পাশে এসে দাঁড়ানোর আমন্ত্রণ জানান। কিন্তু রাজুব সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। এ সময় ইনফান্তিনো তাঁকে বারবার অনুরোধ করলেও তিনি তাতে সাড়া দেননি।
ইসরায়েলি প্রতিনিধির আচরণের সমালোচনা করে ফিলিস্তিনের ফুটবলপ্রধান বলেন, ‘যিনি ইসরায়েলের পক্ষে কথা বললেন, তিনি আমাদের ভোগান্তি বা বর্তমান পরিস্থিতির দিকে কোনো ভ্রুক্ষেপই করেননি। এমন একজন মানুষের সঙ্গে আমি কীভাবে হাত মেলাতে বা ছবি তুলতে পারি?’


































































































































































































