যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। গতকাল শনিবার (২ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে তাঁর মরদেহ পাঠানো হয়েছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এমন তথ্য জানিয়েছে। লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা দুইটার দিকে টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন জানাজায় শরিক হয়েছিলেন।


































































































































































































