যুক্তরাষ্ট্রের ব্যবসা–বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের জরিপে বিশ্বে সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম শীর্ষে ওঠেন ২০১৬ সালে। এই এক দশকে রোনালদোর ঠিকানা পাল্টেছে বারবার। রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে, সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এখন খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসরে। এক দশক পর দেখা যাচ্ছে, ফোর্বসের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের সিংহাসন ৪১ বছর বয়সী সেই রোনালদোরই দখলে।
২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকা গতকাল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে ফোর্বস। সেখানে টানা চতুর্থ ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো শীর্ষে রোনালদো। গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে আনুমানিক ৩০ কোটি ডলার (প্রায় ৩৬৮৩ কোটি ৬২ লাখ টাকা) আয় করেছেন রোনালদো। এর মধ্যে আল নাসরের খেলার চুক্তি থেকে পেয়েছেন ২৩ কোটি ৫০ লাখ ডলার। বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার আয় করেন বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি, লাইসেন্সিং, স্মারক বিক্রি ও অন্যান্য ব্যবসার সূত্র থেকে।
ফোর্বসের আয়ের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে রোনালদো বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসলেন। এই রেকর্ডে তাঁর ওপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের গলফ কিংবদন্তি টাইগার উডস। রেকর্ড ১১ বার শীর্ষে উঠেছেন উডস। তবে রোনালদোর এবারের আয়ের অঙ্ক এক অনন্য ইতিহাসও গড়েছে। ৩০ কোটি ডলার আয়ের মাধ্যমে তিনি মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের আয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, যা ১৯৯০ সালে ফোর্বস অ্যাথলেটদের আয়ের তালিকা প্রকাশ শুরুর পর এক বছরে যৌথভাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড (মুদ্রাস্ফীতি সমন্বয় করলে মেওয়েদারের সেই আয় বর্তমানে ৪২ কোটি ৭০ লাখ ডলারের সমান)।


































































































































































































