ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ মিস তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো। মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই পক্ষ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সমুদ্রবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্স-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী উপস্থিত ছিলেন।


































































































































































































