বাংলাদেশের গণমাধ্যম এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে মনে করেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস। তাঁর মতে, এই মুহূর্তটি পরিবর্তনের বড় সুযোগ। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের রেকর্ড ভালো না হলেও এই মুহূর্তটি দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুজান ভাইস বলেন, গত দুই বছরে গণমাধ্যম নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন, এমআরডিআই, ইউএনডিপি ও ইউনেস্কোর রিপোর্টসহ বিস্তর বিশ্লেষণ ও আলোচনা হয়েছে। এখন বিশ্লেষণের পর্যায় পেরিয়ে সমস্যা চিহ্নিত করে সমাধানের পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বর্তমান সরকার আলোচনায় আগ্রহী বলে ইঙ্গিত দিয়েছে, ফলে এই সুযোগ এখনই কাজে লাগাতে হবে।


































































































































































































