হাইতি বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। দলের অর্ধেকের বেশি খেলোয়াড় প্রবাসী। তাঁদের অর্ধেকের বেশি জন্ম ফ্রান্সে। বাকি খেলোয়াড়দের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে জন্ম হয়েছে। হাইতির ক্লাবে খেলা ফুটবলার মাত্র একজন।
হাইতি বিশ্বকাপ দলে থাকা ২৫ খেলোয়াড়ই বাইরে খেলেন। হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে বিশ্বকাপের জন্য যে দলটি ঘোষণা করেছেন, সেটির খেলোয়াড় তালিকা ঘেটে দেখা গেছে দেশটিতে জন্ম মাত্র ১০ জনের। উইকিপিডিয়া বলছে, বাকি ১৬ জনের ১২ জনই ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন।
হাইতি বিশ্বকাপে খেলবে ‘সি’ গ্রুপে ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের সঙ্গে। প্রথম ম্যাচ ১৩ জুন স্কটিশদের বিপক্ষে।


































































































































































































