হোয়াইট হাউসের পাশে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২১ বছর বয়সী নাসির বেস্টের নাম এসেছে। সংশ্লিষ্ট তিনটি সূত্র সিএনএনকে এ তথ্য জানান। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রটি জানান, বেস্ট এর আগেও সিক্রেট সার্ভিসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। আটকও হন দুবার।
গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরপর সিক্রেট সার্ভিসের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সরকারি আবাসস্থল ও কার্যালয় হোয়াইট হাউসসংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় সন্দেহভাজন একজন ব্যক্তি (বেস্ট) ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন।
এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ ঘটনায় ওই সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি মারা যান। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। সিএনএন বলছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা গুরুতর।


































































































































































































