নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভাইরাসটি সম্পর্কে যা জানা গেছে, তা পাঠকের জন্য নিচে তুলে ধরা হলো। ইঁদুর থেকে ছড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হান্টাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়।
হান্টাভাইরাস সাধারণত দুই ধরনের রোগ সৃষ্টি করে। এর একটি ফুসফুসকে আক্রান্ত করে এবং অন্যটি সরাসরি আঘাত হানে কিডনিতে। তবে ফুসফুসের সংক্রমণটিই সবচেয়ে বেশি উদ্বেগের। কারণ, এতে মৃত্যুহার অনেক বেশি—প্রায় ৪০ শতাংশ।


































































































































































































