চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলায় হেরে গেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের একটি ফেডারেল আদালতের জুরিবোর্ড সর্বসম্মতভাবে রায় দিয়েছেন, মামলা করতে অনেক বেশি দেরি করে ফেলেছেন ইলন মাস্ক। ৯ সদস্যের জুরিবোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে মাস্কের মামলাটি সরাসরি খারিজ করে দেন বিচারক ইভন গঞ্জালেজ রজার্স।
মাস্কের অভিযোগ ছিল, অল্টম্যান ও ব্রকম্যান একটি দাতব্য সংস্থাকে চুরি করেছেন। সেটিকে একটি লাভজনক ব্যবসায়িক কাঠামোতে রূপান্তর করে নিজেরা অন্যায়ভাবে লাভবান হয়েছেন।
মামলার শুনানিতে ওপেনএআইয়ের আইনজীবীরা যুক্তি দেখান, প্রতিষ্ঠানটির মূল লক্ষ্যে কোনো পরিবর্তন আসেনি। এটি এখনো একটি অলাভজনক ফাউন্ডেশন বোর্ড দ্বারাই পরিচালিত হচ্ছে।


































































































































































































