ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশের একজন মন্ত্রী বলেছেন, ভারত থেকে ‘পুশব্যাক’ করা হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান তিনি।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘দেখুন, গত কয়েক দিনে আমরা এ ধরনের মন্তব্য শুনেছি। এই মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর মূল বিষয়ের পরিপ্রেক্ষিতে দেখতে হবে। এর জন্য অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।


































































































































































































