ভারতের বিমান সংস্থার কার্যক্রম বন্ধের পথে

ভারতের বিমান সংস্থার কার্যক্রম বন্ধের পথে

মধ্যপ্রাচ্য সংকট ভারতের বিমান খাতে বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। দেশটির সরকার অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এটিএফের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখলেও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এ দাম লিটারপ্রতি ৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে। অনেক বিমান সংস্থা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, জ্বালানির উচ্চমূল্যের কারণে তারা ‘কার্যক্রম বন্ধ’ করে দেওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়াসহ অন্তত তিনটি এয়ারলাইনস সরকারকে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম পুনর্বিবেচনা করতে বলেছে। খবর এনডিটিভির। গত রোববার দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটের প্রতিনিধিত্বকারী ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইনস (এফআইএ) বলেছে, জ্বালানির অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা নিয়মবহির্ভূত দাম নির্ধারণ বিমান সংস্থাগুলোর জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।

দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এই বিষয়ে কোনো উত্তর দেয়নি। এর আগে এক বিবৃতিতে বলা হয়েছিল, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিমান সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।