পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ যখন চলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে এসেছেন। তিনি বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করেন, যেখানে ২৯ এপ্রিল ভোটগ্রহণের কথা রয়েছে। ওই সভা থেকে নির্বাচন কমিশনের পক্ষে কথা বলতে দেখা যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
প্রধানমন্ত্রীকে এই সভায় রসিকতাও করতে দেখা যায়। তিনি বলেছেন, ‘বিজেপি জিতলে মিষ্টি বিতরণ করা হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে। শুনেছি ঝালমুড়িও অনেককে ব্যাপক ধাক্কা দিয়েছে। ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের।’
দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তৃণমূলসহ বিরোধীরা সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি।


































































































































































































