কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশন থেকে ট্রেনে করে ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এমন ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। সাংবাদিকদের মারধর করে মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শশীদল রেলস্টেশনে এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিকেরা হলেন, দৈনিক কালের কণ্ঠের বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ (হৃদয়) এবং কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক মো. শরিফুল ইসলাম (সুমন)।
গতকাল রাতেই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন দুই সাংবাদিক। তবে আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।


































































































































































































