অ্যাপলের জরুরি এসওএস সেবা কাজে লাগিয়ে দুর্গম অঞ্চল বা নেটওয়ার্কবিহীন স্থান থেকে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদবার্তা পাঠাতে পারেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আইফোন ব্যবহারকারীরা। প্রযুক্তিবিশ্বে গুঞ্জন রটেছে, নিজেদের স্যাটেলাইট সেবার পরিধি আরও বাড়াতে চায় অ্যাপল। স্যাটেলাইট সেবার পরিধি আরও বাড়ানো হলে মোবাইল নেটওয়ার্ক না থাকা অবস্থায় আইফোন থেকে ছবি ও অবস্থানের মানচিত্র অন্যদের পাঠাতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।
নতুন এ সুবিধা চালু হলে ইন্টারনেট সংযোগ ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে ছবি পাঠানোসহ অফলাইনে ম্যাপসসুবিধা ব্যবহার করা যাবে। ফলে জরুরি পরিস্থিতির পাশাপাশি হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক সমস্যা হলেও গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য অন্যদের পাঠানোর সুযোগ মিলবে।
বর্তমানে আইফোন ১৪ বা পরবর্তী মডেলগুলোতে জরুরি পরিস্থিতির জন্য স্যাটেলাইট–সংযোগ সুবিধা ব্যবহার করা যায়। এই স্যাটেলাইট–সংযোগ সুবিধার মাধ্যমে জরুরি বার্তা পাঠানোর জন্য ফোন আকাশের দিকে তাক করে ধরতে হয়।


































































































































































































