ইরানে গুপ্তচর সন্দেহে ২৪০ জনকে আটক

ইরানে গুপ্তচর সন্দেহে ২৪০ জনকে আটক

ইরানে নিরাপত্তা বাহিনীর জোরদার অভিযানে কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশ থেকে প্রায় ২৪০ জনকে আটক করা হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির দাবি, কুর্দিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে এবং এক কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে আরও প্রায় ৭০ জনকে আটক করা হয়। অন্যদিকে কেরমানশাহ প্রদেশে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করেছে আইআরজিসি। তাদেরকে বিপ্লববিরোধী গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট গুপ্তচর হিসেবে সন্দেহ করা হচ্ছে।

এদিকে রাজধানী তেহরানেও পৃথক এক ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ ও তা শত্রু নেটওয়ার্কে সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই অভিযানগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।