বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক আগে যুক্তরাষ্ট্র থেকে অনুশীলন ঘাঁটি সরিয়ে নিয়েছে ইরান। শনিবার এ খবর জানিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় বেজক্যাম্প করবে তাদের দল। ফিফা এরই মধ্যে অনুমোদন দিয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত একটি ভিডিওতে দেশটির ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বলেন, ‘ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে ক্যাম্প পরিবর্তন করার যে অনুরোধ আমরা জানিয়েছিলাম, তা ফিফা কর্তৃক গৃহীত হয়েছে। তাই আমরা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি টিজুয়ানাতে অবস্থান করব। এটি এমন একটি শহর, যা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত, তবে এর অবস্থান মেক্সিকোতে। আমরা আসলে সেখানে দলের আবাসন তৈরির কাজ সম্পন্ন করেছি।’
তাজ জানান, বেজক্যাম্প পরিবর্তনের এই পদক্ষেপ ভিসাজনিত জটিলতা এড়াতে সাহায্য করবে এবং ইরানের ফুটবল দল সরাসরি মেক্সিকোতে ভ্রমণের জন্য ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করতে পারবে।


































































































































































































