ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
এপির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে গত সপ্তাহের শুরুর দিকে দ্বীপটির কাছে তেলের এ আস্তরণ দেখা গেছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার আগেই আস্তরণটি প্রথম শনাক্ত হয়েছে।
তেলের এ বিশাল আস্তরণটি ঠিক কীভাবে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।


































































































































































































