ইরানের ওপর জাতিসংঘের নতুন প্রস্তাব

ইরানের ওপর জাতিসংঘের নতুন প্রস্তাব

ইরান যদি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও হুমকি বন্ধ না করে, তবে তেহরানের ওপর নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের অনুমতি চায় যুক্তরাষ্ট্র ও বাহরাইন। এ–সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের গতকাল মঙ্গলবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা। বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ। এর নিয়ন্ত্রণ নিয়ে গত সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটেছে। চার সপ্তাহের নাজুক যুদ্ধবিরতির মধ্যে এ সংঘাত এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জাতিসংঘের এ কূটনৈতিক তৎপরতা সাম্প্রতিক সময়ে চালানো অন্য তৎপরতার তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এত দিন যুক্তরাষ্ট্র মূলত জাতিসংঘের কাঠামোর বাইরে গিয়ে সামরিক অভিযান চালিয়ে আসছিল এবং মিত্রদের ওপর নিজস্ব তদারকিতে নৌ টহল দেওয়ার জন্য চাপ দিচ্ছিল।

ওয়াশিংটন ৮ মের মধ্যে চূড়ান্ত খসড়া তৈরি করে পরবর্তী সপ্তাহের শুরুতে ভোটাভুটির লক্ষ্য নির্ধারণ করেছে। তবে রাশিয়া ও চীনের পক্ষ থেকে পাল্টা একটি প্রস্তাব বিবেচনাধীন থাকায় আলোচনা কতটা দ্রুত এগোবে, তা নিয়ে সংশয় রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।